• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:৪৫:৫৩ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

ওমান উপকূলে জাহাজে হামলা

৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব করল ভারত

১৩ জুন ২০২৬ সকাল ০৮:৩১:৩৬

৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে তিন দিনের মধ্যে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে ভারত। ১২ জুন শুক্রবার মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিকসকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের দাবি, ১১ জুন বৃহস্পতিবার ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়, যেখানে অন্তত ২০ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও নয়াদিল্লি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

এর আগে একই এলাকায় আরেকটি হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনার পরও মার্কিন দূতকে তলব করেছিল ভারত। সর্বশেষ ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটনের কাছে আবারও কড়া প্রতিবাদ জানিয়েছে দেশটি।

ভারতের অভিযোগ, গত চার দিনের মধ্যে ওমান উপকূলের কাছে ভারতীয় ক্রু পরিচালিত বিদেশি পতাকাবাহী তিনটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। এ নিয়ে প্রথমবারের মতো ভারত অভিযোগ তুলেছে যে, ভারতীয় নাবিকদের বহনকারী জাহাজগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

১০ জুন বুধবার এক আন্তঃমন্ত্রণালয় সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা আমাদের নাবিকদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিই। সাম্প্রতিক হামলার ঘটনায় আমরা জোরালো প্রতিবাদ জানিয়েছি।’

তিনি জানান, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে চলমান হামলাগুলো নিয়ে ভারতের গভীর উদ্বেগ ও আনুষ্ঠানিক আপত্তির কথা জানানো হয়েছে।

জয়সওয়াল বলেন, এসব সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। তার মতে, সংকট সমাধানের একমাত্র কার্যকর পথ হলো সংলাপ ও কূটনীতি। একই সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে অবাধ ও নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এদিকে, হরমুজ প্রণালিতে চলাচলের ওপর বিধিনিষেধের কারণে উপসাগরীয় অঞ্চলে বহু জাহাজ আটকে রয়েছে। ধারণা করা হচ্ছে, এসব জাহাজে প্রায় ২০ হাজার নাবিক অবস্থান করছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, চলমান আঞ্চলিক সংঘাত শুরুর পর থেকে ওই অঞ্চলে অন্তত ১১ জন নাবিক নিহত হয়েছেন।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us