• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২৭:৩৪ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না: জামায়াত আমির

১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫৯:০৮

ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে ভোট দেওয়ার পরও ভোট চুরি হওয়ার আশঙ্কা থাকতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “ভোট দিয়ে ফলাফল না জেনে কেউ কেন্দ্র ছাড়বেন না।”

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad
Ad

গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, তারা আশা করছেন ‘হ্যাঁ’ বিপুল ভোটে জয়ী হবে। তার ভাষ্য, ‘হ্যাঁ’ বিজয়ী হলে বাংলাদেশ জিতবে, জুলাই বাস্তবায়ন হবে এবং আবরার থেকে শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত হবে। তিনি জানান, ১১ দলীয় জোট সবসময় সংস্কার ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে এবং অতীতের রাজনীতির কারণে জাতি ভুক্তভোগী হয়েছে।

Ad

ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, সমাজে সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠা করা গেলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যুবসমাজ দয়া নয়, কাজ চায়। তাদের হাতে কাজ তুলে দিয়ে দেশ গড়ার দায়িত্ব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

২০০৮ সালের পর দেশে গণরায়ের প্রকৃত প্রতিফলন হয়নি বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তবে এবারের নির্বাচন ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে বলে তিনি দাবি করেন। তার মতে, গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ নতুন রাজনৈতিক ধারায় অগ্রসর হবে এবং জনগণের প্রত্যাশার নতুন বাংলাদেশ বাস্তবায়িত হবে।

নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবাইকে নিরপেক্ষ ও ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের মতো কেউ যেন কোনো পক্ষাবলম্বন না করেন, এ আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা কারও আনুকূল্য চান না এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়াও প্রত্যাশা করেন না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us