স্পোর্টস ডেস্ক: সিলেটের উইকেটে পেসারদের জন্য বাড়তি সুবিধার আভাস আগে থেকেই ছিল। ম্যাচের শুরুতেই সেটির প্রমাণও মিলেছে। পাকিস্তানের পেসারদের তোপে একের পর এক উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবে টপ অর্ডারের ব্যর্থতার দিনে একাই প্রতিরোধ গড়ে তুলেছেন লিটন দাস। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ২৭৮ রান তুলেছে বাংলাদেশ।
১৬ মে শনিবার সিলেট টেস্টে ৭৭ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ১২৬ রান আসে লিটনের ব্যাট থেকে।


শুরুর ধাক্কাটা আসে ইনিংসের দ্বিতীয় বলেই। মুহাম্মদ আব্বাসের বলে স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মুমিনুল হক ও অভিষিক্ত তানজিদ হাসান। তবে ২৬ রান করে ফিরে যান তানজিদ।

এরপর খুররম শাহজাদের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন মুমিনুল। কিছুটা সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৯ রান করে স্লিপে ক্যাচ দেন তিনি।
অভিজ্ঞ মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৩ রান করে লেগ বিফোরের শিকার হন। এরপর মেহেদি হাসান মিরাজ মাত্র ৪ রান করে ফিরলে ১১৬ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।
দলের এমন বিপর্যয়ের মধ্যে হাল ধরেন লিটন। তাকে কিছুটা সঙ্গ দেন তাইজুল ইসলাম। ১৬ রান করলেও ৪০ বল খেলে গুরুত্বপূর্ণ সময় কাটান তিনি। পরে তাসকিন আহমেদকে নিয়ে এগোনোর চেষ্টা করেন লিটন।
একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে ১৩৫ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১২৬ রান করে ফিরেন এই উইকেটকিপার ব্যাটার। তার লড়াকু ইনিংসেই সম্মানজনক সংগ্রহ পায় বাংলাদেশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available