• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আষাঢ় ১৪৩৩ রাত ০১:১৪:৩১ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে মামলা

লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়ের করা হয়েছে।২০ জুন শনিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এনসিপি ইউকে অ্যালায়েন্স। এর আগে ১৯ জুন শুক্রবার লন্ডনের কেমব্রিজ থানায় মামলাটি করেন নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা।মামলার অন্য আসামিরা হলেন- এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জাকির চৌধুরীকে থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকরা দীর্ঘদিন ধরে হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এর ধারাবাহিকতায় তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থকদের মারধরের অভিযোগ এনে মামলা করা হয়েছে।এনসিপি ইউকে অ্যালায়েন্সের দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন এবং এর মাধ্যমে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর সময় নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং জননিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে সংশ্লিষ্ট একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ভূমিকার প্রশংসা করেছেন বলেও উল্লেখ করা হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।