কুমিল্লায় রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষ, ওয়েম্যানসহ দুজনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়া এলাকায় রেলক্রসিংয়ে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওয়েম্যানসহ দুজনের নামে মামলা দায়ের করা হয়েছে।২৩ মার্চ সোমবার লাকসাম রেলওয়ে থানায় নিহত যাত্রী সোহেল মিয়ার খালা শেফালী আক্তার বাদী হয়ে এই মামলা করেন। এতে ওয়েম্যান মেহেদী হাসান ও গেইটম্যান হেলাল উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, লাকসাম রেলওয়ে থানা।মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, দুর্ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত গেইটম্যানরা ডিউটিতে অনুপস্থিত ছিলেন এবং রেলক্রসিংয়ের ব্যারিকেড খোলা ছিল। ফলে বাসচালক ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে লাইন পার হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ‘আল মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাস রোববার ভোররাত ২টা ৪৫ মিনিটে রেলক্রসিং অতিক্রমের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল ওয়ান আপ’ ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়, এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে সোহেল রানাসহ অন্তত ১২ জন রয়েছেন। এছাড়া একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।কুমিল্লা লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।