ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
গাজীপুর প্রতিনিধি: ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখী মানুষের ঢল নামায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আজ ১৮ মার্চ বুধবার ভোর ৪টার দিকে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দেখা যায় যানবাহনের দীর্ঘসারি।গাজীপুরের চন্দ্রা মোড় থেকে মৌচাক পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে উত্তরাঞ্চলমুখী বাস, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহনের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। কোথাও কোথাও পুলিশি তৎপরতায় থেমে থেমে যানবাহন চলাচল করতে দেখা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, ১৭ মার্চ মঙ্গলবার থেকে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হয়েছে, যা ধাপে ধাপে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। অনেক কারখানায় ১০ থেকে ১২ দিনের ছুটি দেওয়ায় শ্রমিকরা গ্রামে ফিরতে শুরু করেছেন। এতে সড়কে চাপ বেড়েছে কয়েকগুণ।সরেজমিনে দেখা গেছে, ভোরের দিকেও চন্দ্রা এলাকায় তীব্র যানজট ছিল। চন্দ্রা মোড় থেকে মৌচাক পর্যন্ত সড়কে যানবাহন প্রায় স্থবির হয়ে পড়ে।নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাউগাতুল আলম বলেন, দিনে যানবাহনের চাপ কম থাকলেও বিকেলের পর কারখানা ছুটি হওয়ায় রাতে চাপ বেড়েছে। উত্তরাঞ্চলে প্রবেশের প্রধান প্রবেশপথ হওয়ায় চন্দ্রা এলাকায় যানজট তৈরি হয়েছে।তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশ সদস্যরা রাতদিন কাজ করে যাচ্ছেন এবং যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।