• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ রাত ১১:১১:১৫ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটিতে তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।২৩ মার্চ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জ থেকে আকস্মিক ভিডিও কলে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে ইনডোর পর্যন্ত বিভিন্ন ইউনিটের খোঁজখবর নেন। ভিডিও কলের মাধ্যমে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় ডিউটি রোস্টার অনুযায়ী চারজন চিকিৎসকের মধ্যে একজন অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন।ঈদের ছুটিতে পরিবার ছেড়ে দায়িত্ব পালনকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে তিনি বলেন, ‘আপনারা দুর্গম এলাকার মানুষের শেষ ভরসা। আপনাদের এই নিষ্ঠা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’ একই সঙ্গে চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের পর্যায়ে নিতে একটি রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য ডিজিটাল ‘হেলথ কার্ড’ চালুর কাজও চলমান রয়েছে।