বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কৃষকদের সহায়তায় খাল পুনঃখনন কর্মসূচি চালুর পাশাপাশি নির্বাচনের আগে ঘোষিত কৃষক কার্ডের মাধ্যমে এককালীন আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হবে।১৩ জুন শনিবার সকালে কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘আমাদের রাজনীতি বাংলাদেশের মানুষের জন্য। দেশের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং তারা খেটে খাওয়া মানুষ।’ নারীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করতে শিক্ষা ও সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে তারা অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে।তারেক রহমান দাবি করেন, নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা ফ্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে।এর আগে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে করে কক্সবাজার পৌঁছান। বিমানটি কক্সবাজার বিমানবন্দর-এ অবতরণ করে। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান।সফরকালে তিনি পাতালী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, বৃক্ষরোপণ কার্যক্রম, শহীদ ওয়াসীমের কবর জিয়ারত, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সফরের শেষ পর্যায়ে তিনি কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন এবং সুধী সমাবেশে অংশ নেবেন।সফর শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।সূত্র: চ্যানেল২৪ অনলাইন